জীবনের কিছু চেনা অসুখ ও আমার অভিজ্ঞতা - bhalo lage
মানুষের জীবন মানেই কিছু না কিছু শারীরিক অসুবিধার মধ্য দিয়ে যাওয়া। আমার জীবনে যেসব অসুখের সাথে পরিচয় হয়েছে, সেগুলো এখানে তুলে ধরছি যাতে আপনি সাবধান হতে পারেন, আর নিজেকে সুরক্ষা করতে পারেন সেসব থেকে। সুস্থতা এমন এক নেয়ামত, যা অনেকেই তার কদর বুঝি না যতক্ষণ না তা হারিয়ে যায়।
রাসূল (সা.) বলেছেন:
“দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে: স্বাস্থ্য ও অবসর।”
(সহিহ বুখারী: ৬৪১২)
আল্লাহ আমাদেরকে এই অমূল্য নেয়ামতের কদর করার তাওফিক দান করুন।
দাঁতের ব্যথা: ছোট সমস্যা, বড় যন্ত্রণা
দাঁতের ব্যথা যতটা সাধারণ, ততটাই কষ্টদায়ক। আমার নিজের অভিজ্ঞতা বলছে, বেশিরভাগ সময় এই ব্যথা হয় দাঁতের গর্ত, মাড়ির ইনফেকশন বা দাঁতের শিরা পর্যন্ত সমস্যা পৌঁছে গেলে। অনেকেই জানেন না, ভিটামিন D এবং ক্যালসিয়ামের ঘাটতি দাঁতের দুর্বলতা তৈরি করে। এছাড়া ভিটামিন C-এর অভাবে মাড়ি রক্তপাত করে, যেখান থেকেই দাঁতের সমস্যা শুরু হতে পারে।
সতর্ক থাকার উপায়:
- প্রতিদিন দুইবার ব্রাশ করুন (রাতে শোয়ার আগে অবশ্যই)।
- চিনিযুক্ত খাবার কম খান।
- প্রতিদিন কিছু সময় রোদে থাকুন (ভিটামিন D)।
- শাক সবজি ফলমূল বেশি পরিমাণে খাওয়া।
নাকের পলিপাস ও সাইনোসাইটিস: নিঃশ্বাসের পথের বাধা
নাকে পলিপাস মানে নাকের ভিতর মাংসপিণ্ড বেড়ে যাওয়া। এটা একটা ধীরে ধীরে বাড়তে থাকা সমস্যা, যেটা পরে গিয়ে শ্বাস নেওয়া কঠিন করে তোলে। সাইনোসাইটিস মানে সাইনাসে ইনফ্লেমেশন বা প্রদাহ, যেখানে মাথা ভার লাগে, নাক বন্ধ হয়ে থাকে এবং ঘ্রাণশক্তি কমে যায়।
কেন হয় এসব সমস্যা?
- দীর্ঘমেয়াদী এলার্জি
- ধুলাবালি ও দূষণ
- সঠিক চিকিৎসা না করা সাধারণ ঠান্ডা বা সর্দি
এলার্জি ও খাবারের সম্পর্ক:
আমার অভিজ্ঞতা বলছে, দুধ, ডিম, চিংড়ি, ধুলাবালির মতো এলার্জিজনিত জিনিসগুলোর প্রতি সংবেদনশীলতা অনেক সময় পলিপাস বা সাইনাসের কারণ হয়। এলার্জিকে আমাদের বংশগত রোগ বলা যায়।
এর থেকে বাচার উপায়:
- এলার্জির উৎস খাবার এড়িয়ে চলা
- ঘর পরিষ্কার রাখা
- সিজন চেঞ্জের সময় অতিরিক্ত সাবধানতা
- প্রয়োজনে ENT ডাক্তারের পরামর্শে অপারেশন
কিডনির অসুখ: নিঃশব্দ ঘাতক
কিডনির সমস্যা অনেক সময় বুঝতেই দেয় না যে শরীরে বিপদ বাড়ছে। আমার আব্বু এই রোগে ভুগেছেন। তার থেকেই শেখা পা ফুলে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা উচ্চ রক্তচাপ, বমি করা বা বমি বমি ভাব এসবই হতে পারে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ।
কারণগুলো কী হতে পারে?
- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ
- অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া (বিশেষত ব্যথানাশক)
- পর্যাপ্ত পানি না খাওয়া
- বারবার ইউরিন ইনফেকশন
সতর্ক থাকার উপায়:
- প্রতিদিন কমপক্ষে ২-৩ লিটার পানি পান করুন
- প্রস্রাব পরীক্ষায় প্রোটিন আছে কিনা খেয়াল রাখুন
- প্রস্রাবে জ্বালাপোড়া, রঙ পরিবর্তন হলে গুরুত্ব দিন
- নিয়মিত রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখুন
- প্রস্রাবের চাপ নিয়ে দেরি করবেন না
শেষ কথা
আমার জীবনের এই অসুখগুলো আমাকে শিখিয়েছে প্রতিরোধই হচ্ছে প্রথম চিকিৎসা। কেউ যদি সচেতন থাকে, সময়মতো ডাক্তার দেখায়, এবং জীবনযাপনে সামান্য পরিবর্তন আনে, তবে অনেক কঠিন রোগও এড়ানো সম্ভব। আজই নিজের প্রতি যত্নবান হোন। জীবনের জন্য ভালো থাকা প্রয়োজন, আর ভালো থাকার জন্য দরকার স্বাস্থ্য।


