পাখি খাঁচায় আটকে রাখা ও কুকুর পালন - bhalo lage





খাঁচার ভিতর পাখি পালন: স্বাধীনতা বনাম শখ

পাখি হচ্ছে স্বাধীন আকাশের প্রতীক। তাকে খাঁচার মধ্যে আটকে রেখে পালন করা, এটি অনেকের কাছে শখ হলেও ইসলাম ও নৈতিক দৃষ্টিতে তা বিতর্কিত।


ইমাম নববী (রহ.) বলেন: 

“যদি পাখিকে খাঁচায় রাখা হয় এবং তাকে যথেষ্ট খাবার, পানি ও যত্ন দেয়া হয়, তবে তা নাজায়েজ নয়। তবে কষ্ট দিলে তা গুনাহ।”

(শরহে মুসলিম)


অর্থাৎ, খাঁচায় পাখি রাখা ইসলামে হারাম নয়, কিন্তু সে বন্দিত্ব যদি কষ্ট বা অস্বস্তির কারণ হয়, তবে তা গুনাহ।


মানুষের মনের গভীরে প্রাণীর প্রতি একটি স্বাভাবিক মায়া কাজ করে। বিড়ালের মিও মিও, পাখির কিচিরমিচির, কুকুরের বিশ্বস্ত দৃষ্টিতে অনেকে ভালোবাসা খুঁজে পান। কেউ শখে বিড়াল পোষেন, কেউ খাঁচায় পাখি রাখেন, কেউ কুকুরের নিরাপত্তা চান। কিন্তু প্রশ্ন উঠছে এই ভালোবাসা কি সত্যিই দয়া, নাকি নিজের আনন্দের জন্য প্রাণীকে বন্দি বা ব্যবহার করার একরকম বৈধতা খোঁজা?




কুকুর পালন: ইসলামের নির্দিষ্ট গণ্ডি


ইসলামে কুকুর পালন নিয়ে পরিষ্কার দিকনির্দেশনা আছে। হাদীসে এসেছে-

যে ব্যক্তি শিকার করা, গবাদি পশু পাহারা দেওয়া অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন-পালন করে, তার প্রতিদিন দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়।

(সহীহ মুসলিম: হাদীস ১৫৭৫; তিরমিজি: হাদীস ১৪৮৭)


অর্থাৎ, নিরাপত্তা বা প্রয়োজনে কুকুর পালন অনুমোদিত হলেও, বিনোদন বা অহেতুক আদরে কুকুর রাখা ইসলাম পছন্দ করে না। এর পেছনে শারীরিক ও আত্মিক পরিচ্ছন্নতার গুরুত্ব রয়েছে।



বিড়াল পালন


বিড়াল সম্পর্কে রাসূল (সা.)-এর আচরণ ছিল অত্যন্ত দয়ালু। বিড়াল পোষাকে ইসলাম নিরুৎসাহিত করেনি, বরং তার প্রতি যত্ন করার মাধ্যমে সওয়াব অর্জনের সুযোগ দেখিয়েছে।

একটি হাদীসে উল্লেখ আছে এক নারী শুধু একটি বিড়ালকে না খাইয়ে এবং বন্দি করে রাখার কারণে জাহান্নামে গেছে। (সহীহ বুখারী ও মুসলিম)


অন্যদিকে, এক ব্যক্তি কূপ থেকে পানি তুলে তৃষ্ণার্ত কুকুরকে পান করিয়ে জান্নাতের অধিকারী হয়েছে।এই হাদীস আমাদের শেখায়, প্রাণীর প্রতি দয়া সওয়াবের কাজ। তবে এই দয়া যেন কেবল প্রাণী প্রেমে সীমাবদ্ধ না থেকে মানুষের হক ও প্রাধান্যকে ভুলে না যায়।





আজকাল অনেকেই কুকুর বা পাখির জন্য খরচ করেন, চিকিৎসা করান, ঘর বানান। অথচ পাশের রুমে বৃদ্ধ বাবা-মা,  আত্মীয়স্বজন, প্রতিবেশী তাদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেন না। ইসলাম এমন ভারসাম্যহীন ভালবাসা গ্রহণ করে না।


রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“সে মুমিন নয়, যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।


মানুষের হক আগে। প্রাণীপ্রেম যদি মানুষকে ভুলিয়ে দেয়, তবে তা আর সওয়াব নয়।





কিছু সতর্কতা:


Zoonotic রোগ: কিছু প্রাণীর মাধ্যমে সংক্রামক রোগ ছড়াতে পারে (যেমন: র‍্যাবিস, টক্সোপ্লাজমোসিস)।

আবেগের ভারসাম্যহীনতা: অতিরিক্ত প্রাণীপ্রেম অনেক সময় মানুষের প্রতি দায়িত্ব ভুলিয়ে দেয় এটি এক ধরনের মানসিক বিকৃতি হতে পারে (‘Emotional Replacement’ বলে পরিচিত)। 

খাঁচাবন্দী পাখির মানসিক অবস্থা: গবেষণায় দেখা গেছে, খাঁচায় থাকা পাখিরা বিষণ্নতায় ভোগে, পালক ছিঁড়ে ফেলে, বা আচরণগত অসুস্থতায় ভুগে।



প্রাণীকে ভালোবাসা মানেই তাকে নিজের আনন্দের জন্য আটকে রাখা নয়। সত্যিকারের ভালোবাসা তাকে তার স্বাধীনতা ও স্বাভাবিকতা বজায় রাখার সুযোগ দেওয়া। বিড়াল বা পাখি পোষার চেয়েও বড় ইবাদত হলো নিজের মা-বাবা, প্রতিবেশী, অসহায়দের প্রয়োজন মেটানো।


পাখিকে খাঁচায় না রেখে উড়তে দিন। কুকুরকে না পুষে পথশিশুকে একবেলা খাওয়ান। বিড়ালের যত্ন যেমন নিচ্ছেন, তেমনি খেয়াল করুন বৃদ্ধ প্রতিবেশীর ওষুধ আছে কিনা। এটাই মানবতা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url